ইনকিলাব মঞ্চ জানিয়েছে, সরকারের প্রতিনিধিরা তাদেরকে আশ্বস্ত করেছেন যে, বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হবে। অন্যথায় আবারও অবস্থান কর্মসূচি চালু করার হুঁশিয়ারি দিয়েছে তারা।
বুধবার (২৩ অক্টোবর) এক ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তারা বলেন, বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, এবং অনলাইনে যুক্ত ছিলেন আরও কয়েকজন। সেখানে সরকারের প্রতিনিধিরা ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে নীতিগত সম্মতি দেন।
তারা আরও বলেন, "আমরা জানিয়েছি, যদি বৃহস্পতিবারের মধ্যে এটি বাস্তবায়ন না হয়, তাহলে আবার অবস্থান কর্মসূচি শুরু করবো।"
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে ইনকিলাব মঞ্চ জানায়, সরকার নীতিগতভাবে একমত হলেও, সমস্যা রাজনৈতিক। আমরা রাজনৈতিক সমঝোতার আহ্বান জানিয়েছি। এখন প্রশ্ন হলো, বিএনপি গণমানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেবে কি না।
তারা আরও জানান, রোববার রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে সমঝোতা সংলাপ আয়োজন করবে ইনকিলাব মঞ্চ, যেখানে বিএনপি-জামায়াতসহ সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। সমঝোতা না হলে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলোকে দায়ী করা হবে।
তারা বলেন, "আমরা বিএনপিকে সমঝোতায় আনতে চেষ্টা করবো। যদি বিএনপি সম্মত না হয়, তাহলে ছাত্র জনতা কোনো সিদ্ধান্ত নেবে, আর বিএনপি হয়তো সে সুযোগ হারাবে। আমাদের অনুরোধ, বিপ্লব বেহাত হতে দেবেন না।"
এছাড়া, নতুন সংবিধানের দাবি জানিয়ে তারা ঘোষণা দেন, ২৫ অক্টোবর বিকেল ৪টায় রাজু ভাস্কর্যের সামনে ছাত্র জনতা মিলে সংবিধান বিলোপের দাবিতে 'লাল কার্ড সমাবেশ' অনুষ্ঠিত হবে।
0 comments:
Post a Comment