বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেখ হাসিনা সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা গুম হওয়া ছাত্রশিবিরের ছয় জন দায়িত্বশীল নেতা সহ অন্যান্য গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে একটি বিবৃতি দিয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবসে এই দাবি জানানো হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম যৌথ বিবৃতিতে বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ওয়ালীউল্লাহ ও আল মুকাদ্দাস; রাজধানীর আদাবরের হাফেজ জাকির হোসেন, যশোরের বেনাপোলের রেজওয়ান হুসাইন, বান্দরবানের জয়নাল হোসেন এবং ঝিনাইদহের মু. কামরুজ্জামান—এই ছয় নেতাসহ অনেককে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে গুম করেছে।’
তারা আরও বলেন, ‘বিভিন্ন সংগঠন ও পরিবারের পক্ষ থেকে অব্যাহত উদ্বেগ ও সন্ধানের দাবি জানানো হলেও প্রশাসন কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কিছু ব্যক্তি ফিরে এলেও আমাদের প্রিয় ভাইগুলো ও আরও অনেকেই ফিরে আসেনি। এই বিষয়টি নিয়ে আমরা গভীর উদ্বিগ্ন।’
কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহর সই করা বিবৃতিতে বলা হয়, ‘একটি গণতান্ত্রিক দেশে নাগরিকদের মানবাধিকার রক্ষা করতে প্রশাসনকে সম্পূর্ণ দায়বদ্ধ থাকতে হবে। রাষ্ট্রীয়ভাবে পরিচালিত গুমের ঘটনা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের বিরুদ্ধে সরাসরি আঘাত।’
‘গুমের মতো রাষ্ট্রীয় অপরাধের বিরুদ্ধে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর সহায়তা কামনা করছি।’






0 comments:
Post a Comment