ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ বাংলাদেশে হস্তান্তর করেছে।
শনিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে মরদেহটি বাংলাদেশে পাঠানো হয়। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তামাবিল ইমিগ্রেশনের ইনচার্জ রফিকুল ইসলাম। তিনি জানান, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসহাকের মরদেহ দেশে পাঠানোর জন্য ভারত সরকারকে অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন প্রক্রিয়া শেষে মেঘালয় পুলিশ শনিবার তামাবিল পুলিশকে মরদেহ হস্তান্তর করে। মরদেহ হস্তান্তরের সময় উপজেলা প্রশাসন, বিজিবি ও ইসহাকের পরিবার উপস্থিত ছিল।
প্রসঙ্গত, গত ২৪ আগস্ট রাতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় শিলং যাওয়ার পথে পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করেন বলে জানা যায়। ২৬ আগস্ট মেঘালয় পুলিশ তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা আলোচনা ও প্রতিবেদন সামনে আসলেও বিষয়টি এখনও স্পষ্ট নয়।







0 comments:
Post a Comment