শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হরিণী অমরাসুরিয়া। তিনি মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দেশটির ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এর মাধ্যমে শ্রীলঙ্কার ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে স্থান করে নেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এই খবর প্রকাশ করে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি অমরাসুরিয়াকে বিচার, শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও প্রদান করা হয়েছে। চার বছর আগে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং লিঙ্গ সমতা, সংখ্যালঘু অধিকারের সুরক্ষা, বেকারত্ব দূরীকরণ, শিশু সুরক্ষা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সক্রিয় ছিলেন।
রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি একজন অধিকার কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে পরিচিত। তিনি শ্রীলঙ্কার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল স্টাডিজ বিভাগে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
শ্রীলঙ্কার বামপন্থী জোটের নেতা অনূঢ়া কুমার দিশানায়েকে সম্প্রতি নবম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন এবং দেশটির দশম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এর পরেই দীনেশ গুণবর্ধন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।






0 comments:
Post a Comment