কোটার বিরুদ্ধে কথা বলার কারণে চাকরিচ্যুতির অভিযোগ এনে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা দায়ের করেন। অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক তার জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে ঘটনার তদন্ত করে আগামী ১২ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন- জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আবদুর রশিদ মজুমদার পারভেজ এবং রিয়াজ আহম্মেদ খান। মামলায় তিনি উল্লেখ করেছেন, এই আসামিরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
মামলার অভিযোগ অনুযায়ী, ফারজানা ব্রাউনিয়া চ্যানেল আইতে ম্যানেজার মার্কেটিং পদে এক লাখ টাকা বেতনে চাকরি নেন এবং স্বর্ণকিশোরী অনুষ্ঠানের উপস্থাপক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৮ সালে কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে কথা বলার কারণে ১১ অক্টোবর তাকে হঠাৎ করে চাকরি থেকে নিষিদ্ধ করা হয়। মৌখিক প্রতিবাদের পর তাকে জানানো হয়, লিখিতভাবে বরখাস্ত না করা পর্যন্ত তিনি মাসিক মজুরি পাবেন।
ব্রাউনিয়া মামলায় উল্লেখ করেন, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার মোট ৭৯ লাখ টাকা বকেয়া মজুরি পাওনা রয়েছে। এছাড়া তিনি আরও জানান, পাওনা টাকার জন্য লিগ্যাল নোটিশ পাঠানোর পর আসামিরা কোনো জবাব না দিয়ে উল্টো তার কাছে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করেছেন।






0 comments:
Post a Comment