চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৫-১৯ অক্টোবরের মধ্যে প্রকাশিত হতে পারে। এ বিষয়ে একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এবং মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একজন সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন।
![]() |
| ©সংগৃহীত |
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, "আমরা ১৫-১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য অনুমতি চেয়েছি। তবে ৯-১৭ অক্টোবর পর্যন্ত কলেজগুলো ছুটি থাকবে। সেই প্রেক্ষিতে ১৮ বা ১৯ অক্টোবর ফল প্রকাশ হতে পারে। বিষয়টি সম্পূর্ণরূপে মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে।"
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, "অক্টোবরের মাঝামাঝি সময়ে ফল প্রকাশের অনুমতি চাওয়া হয়েছে, তবে অনুমতি না পাওয়া পর্যন্ত নির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়।"
এবারের পরীক্ষায় ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রথম দফায় আট দিনের পরীক্ষা অনুষ্ঠিত হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে তিনবার পরীক্ষা স্থগিত করা হয়। তখনও কিছু লিখিত ও ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল। কয়েকবার স্থগিত হওয়ার পর পরীক্ষাগুলো ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ২০ আগস্ট শিক্ষার্থীদের দাবি মেনে সরকার বাকি পরীক্ষা বাতিল করে।







0 comments:
Post a Comment