বাংলাদেশ ক্রিকেট দলের সুপার ফ্যান 'টাইগার রবি'কে হেনস্তার অভিযোগ মিথ্যা বলে জানিয়েছে কানপুর পুলিশ। টাইগার রবি নিজেও এক ভিডিও বার্তায় তার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন।
কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পান্ডে আজ সাংবাদিকদের বলেন, ‘পানিশূন্যতার কারণে রবি পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ভালো আছেন।’ তিনি আরও বলেন, ‘মারামারির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাকে কোনো সমর্থক আঘাত করেনি।’
অন্যদিকে, প্রকাশিত এক ভিডিওতে রবিকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘শারীরিক অসুস্থতার পর পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায়। এখন আমি সুস্থ আছি।’ তবে, কানপুর টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতির সময় কিছু স্থানীয় সমর্থকের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়েছিল বলে তিনি দাবি করেছিলেন।
এর আগে চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টেও ভারতীয় সমর্থকদের দ্বারা হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছিলেন টাইগার রবি। যদিও তখনও ভারতীয় পুলিশ সেই অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল।






0 comments:
Post a Comment