ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ থেকে ছয় ছাত্রনেতা এবং তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে। এই সিদ্ধান্ত ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
জানা গেছে, বিষয়টি নিয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে মৌখিক নির্দেশনা পাঠানো হয়েছে। দিল্লিতে কর্মরত ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকরা দ্য মিরর এশিয়াকে এই তথ্য নিশ্চিত করেছেন। কালো তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।
ডিপ্লোমেটিক নোটে এই ব্যক্তিদের ঘনিষ্ঠজনদেরও ভিসা দেওয়ার আগে যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। মাহফুজ আলম সরকারের অংশ হওয়ার আগে এই নোটটি পাঠানো হয়েছিল। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হওয়ার পর মাহফুজ আলমের জন্য ভিসা নিষেধাজ্ঞার প্রভাব হবে কিনা তা স্পষ্ট নয়।
ভিসা নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারঘনিষ্ঠ সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বলেন, বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব তৈরিতে নুরুল হক নুর ও আখতার হোসেন নেতৃত্ব দিচ্ছেন, আর ভারতবিরোধী চেতনাকে পেছন থেকে শক্তিশালী করছেন মাহফুজ আলম।






0 comments:
Post a Comment